Accident News: নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
বাগডোগরা: ইসলামপুর থেকে শিলিগুড়িগামী একটি সরকারি বাসের যান্ত্রিক ত্রুটি প্রাণ কেড়ে নিল এক পথচারীর। শুক্রবার বাগডোগরার বিহার মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়

বাগডোগরা: ইসলামপুর থেকে শিলিগুড়িগামী একটি সরকারি বাসের যান্ত্রিক ত্রুটি প্রাণ কেড়ে নিল এক পথচারীর। শুক্রবার বাগডোগরার বিহার মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশে আসছিল সরকারি বাসটি। বিহার মোড়ে ঢোকার আগেই বাসে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই সময় বাস থেকে বিকট শব্দ বের হতে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মুহূর্তের মধ্যেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথচারীকে ধাক্কা মেরে সোজা উড়ালপুলের একটি পিলারে গিয়ে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পথচারীর। তবে বাসের যাত্রীদের বড়সড় কোনও আঘাত লেগেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পর বাসের চালক ও কন্ডাক্টর গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসে যান্ত্রিক ত্রুটি ছিল কি না, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক চালক ও কন্ডাক্টরের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। এর আগে বীরভূমে পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরবাইক আরোহী যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা দেখা দেয় বীরভূমের চন্দ্রপুর থানার হীরাখুনি মোড়ে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের গাড়িটি ঘেরাও করে। গণরোষের মুখে পড়ে রক্তাক্ত হন গাড়িতে থাকা রাজনগর চক্রের সার্কেল ইন্সপেক্টর অরূপ দত্ত। তাঁর কপালে ও মুখে গুরুভর আঘাত লেগেছে। পুলিশের পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। দেহ আটকে রেখে দফায় দফার বিক্ষোভ দেখানো হয়। যার জেরে প্রায় দু'ঘণ্টারও বেশি সময় রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে।