Alipurduar: ভুটানে প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, ৩ নদীর তাণ্ডবে বিচ্ছিন্ন আলিপুরদুয়ারের যোগাযোগ
রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার: ভুটানে টানা ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের (North Bengal) নদীগুলিতে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ার (Alipurduar) জেলার একাধিক নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় মাদারিহাট ও টোটোপাড়া সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংড়ি, হলং ও

রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার: ভুটানে টানা ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের (North Bengal) নদীগুলিতে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ার (Alipurduar) জেলার একাধিক নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় মাদারিহাট ও টোটোপাড়া সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংড়ি, হলং ও জয়বীরপাড়া এই তিন নদীর সাঁড়াশি তাণ্ডবে প্লাবিত বহু এলাকা, যার জেরে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায় অবিরাম বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে। মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার প্রধান রাজ্য সড়কের ওপর দিয়ে এই মুহূর্তে তীব্র বেগে বয়ে চলেছে বাংড়ি নদীর জল। ফলে ওই রাস্তায় সমস্ত রকম যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। টোটোপাড়ার সংযোগকারী পথটি কার্যত জলের তলায়। অন্যদিকে, জলদাপাড়া সংলগ্ন হলং নদীতেও জলস্তর এখন বিপজ্জনক সীমার ওপর দিয়ে বইছে। নদীর জলের প্রবল স্রোতের তোড়ে পারাপারের জন্য নির্মিত অস্থায়ী পায়ে চলার সেতুটি সম্পূর্ণ ভেসে গিয়েছে। সেতুটি ভেঙে যাওয়ায় হলং নদীর দু'পারের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন। পাশাপাশি জয়বীরপাড়া নদীর জলোচ্ছ্বাসেও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আপাতত গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। নদীর জল না কমা পর্যন্ত সাধারণ মানুষকে কোনওভাবেই ঝুঁকি নিয়ে নদী বা প্লাবিত রাস্তা পারাপার না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবং আপৎকালীন সহায়তার জন্য উপদ্রুত এলাকায় ইতিমধ্যেই প্রশাসনিক কর্মী ও উদ্ধারকারী দল মোতায়েন রাখা হয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের নানা জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতাও জারি করেছে। আর এরইমাঝে জলের তোড়ে ভেঙে পড়ে কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা। যার জেরে দীর্ঘ ১২ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই পাড়ের যোগাযোগ। উল্লেখ্য, গত ১৯ জুন কার্শিয়ঙের দুধিয়ায় জলের তোড়ে ভেঙে পড়েছিল সেখাকার অস্থায়ী ব্রিজ। যার জেরে ওই রুটে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৮ জুন থেকে অব্যাহত ভারী বৃষ্টির কারণেই এই বিপর্যয় ঘটেছিল, বলে জানিয়েছিলেন সেই এলাকার মানুষজন। এই ক্রমাগত বৃষ্টির জেরে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এরপর ৮ জুলাই দুধিয়া বেলি ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন করেন।