Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
সন্দীপ সরকার, কলকাতা: বৃষ্টির কাঁটা ছিলই। পিচ ভিজে থাকায় সোমবার মঙ্গলাপুরমে বাংলা বনাম কেরল ম্যাচের প্রথম দিনের প্রথম সেশন নষ্ট হল। খেলা নির্ধারিত সময়ে শুরু করা গেল না। প্রথম দিন খেলা হল মাত্র ৫০ ওভার। তাতেই ৬ উইকেট হারিয়ে বসল বাংলা। স্কোরবোর্ডে উঠেছে মাত্র ১৭২ রান। দলের ব্যাটিং নিয়ে খুশি নন বা

সন্দীপ সরকার, কলকাতা: বৃষ্টির কাঁটা ছিলই। পিচ ভিজে থাকায় সোমবার মঙ্গলাপুরমে বাংলা বনাম কেরল ম্যাচের প্রথম দিনের প্রথম সেশন নষ্ট হল। খেলা নির্ধারিত সময়ে শুরু করা গেল না। প্রথম দিন খেলা হল মাত্র ৫০ ওভার। তাতেই ৬ উইকেট হারিয়ে বসল বাংলা। স্কোরবোর্ডে উঠেছে মাত্র ১৭২ রান। দলের ব্যাটিং নিয়ে খুশি নন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল। পিচ নিয়ে ধন্দ ছিল বাংলা শিবিরে। টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় কেরল। বাংলার টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে, পরের দিকে বল ঘুরবে। তাই তিন স্পিনার ও দুই পেসারে দল সাজানো হয়েছে। দুই পেসার হিসাবে খেলছেন দুই ভাই - মহম্মদ শামি ও মহম্মদ কাইফ। বাংলার দুই ওপেনার - অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও নবাগত অঙ্কুর পাল সতর্ক হয়ে শুরু করেন। কিন্তু পঞ্চম ওভারে ১০ রান করে কট বিহাইন্ড হন অধিনায়ক অভিমন্যু। দিনেশান নিধিশের বলে। স্যাঁতস্যাঁতে পিচে ব্যাটিং বিপর্যয় রুখতে এরপরই ফাটকা খেলেন কোচ লক্ষ্মী। তিন নম্বরে পাঠিয়ে দেন অফস্পিনার আমির গনিকে। ১৪ রান করেন আমির। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ প্রায় ১ ঘণ্টা সময়ও কাটিয়ে দেন। যাতে রোদ উঠে পিচ আরও শুকিয়ে ব্যাটিং সুবিধাজনক হয়। তবে সেই ফায়দা নিতে পারলেন না বাংলার ব্যাটাররা। সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েলরা উইকেট ছুড়ে দিয়ে এলেন। অঙ্কুর পাল হাফসেঞ্চুরি করেছেন। তৃতীয় ম্যাচে প্রথম হাফসেঞ্চুরি। কিন্তু ৬৬ রান করে তিনিও অহেতুক ঝুঁকি নিতে গিয়ে আউট হন। পোড়েল ক্রিজে গিয়ে প্রথম বলেই ড্রাইভ মারতে গিয়ে বাঁহাতি স্পিনার আদিত্য সারওয়াতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর পরপর দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ পোড়েল। একটা সময় বাংলার স্কোর হয়ে গিয়েছিল ১০৮/৫। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৬২ রান যোগ করেন সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আমেদ। সুদীপ ৩৬ রান করে ফিরলেও ৩৫ রানে অপরাজিত শাহবাজ। সঙ্গে সুমন্ত গুপ্ত ক্রিজে রয়েছেন ১ রানে। প্রথম দিনের খেলার শেষে তিরুঅনন্তপুরম থেকে ফোনে লক্ষ্মীরতন বললেন, 'ব্যাটাররা শট নির্বাচনের ভুল করেছে। বোলারদের জন্য সেরকম সাহায্য ছিল না। আমরা ভাল ব্যাট করতে পারিনি। উইকেট ছুড়ে দিয়েছে ছেলেরা। ভুলে গেলে চলবে না এটা চারদিনের ম্যাচ। ওয়ান ডে বা টি-২০ নয়। তবে আমি আশা হারাচ্ছি না। কাল অন্তত লাঞ্চ পর্যন্ত ইনিংস টানতে হবে। আমাদের বোলিংও ভাল। আশা করছি ঘুরে দাঁড়াব।'