Bhiwandi House Collapse : বিকট শব্দ ! হুড়মুড় করে ভাঙল চারতলা বাড়ি, বেঘোরে শেষ একের পর এক মানুষ
মুম্বই : মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে একটি চারতলা বসত বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে চারিপাশ। আতঙ্ক ছড়ায়। মারাত্মক ক্ষতি হতে পারে, আশঙ্কা করেছিলেন স্থানীয়রা। অনেকটাই সত্যি হল। দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া

মুম্বই : মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে একটি চারতলা বসত বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে চারিপাশ। আতঙ্ক ছড়ায়। মারাত্মক ক্ষতি হতে পারে, আশঙ্কা করেছিলেন স্থানীয়রা। অনেকটাই সত্যি হল। দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বিরাট এই বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আরও কেউ আটকে আছেন কিনা, আরও কোনও দেহ রয়ে গিয়েছে কি না, দেখছে প্রশাসন। সূত্রের দাবি, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভেঙে পড়া বাড়িটিতে মোট ৪৮টি ঘর ছিল। প্রতিটি তলায় ছিল ১২টি করে কক্ষ। রাত প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ আচমকাই বাড়ির একটি অংশ ধসে পড়ে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগেই ওই ভবনটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দুর্ঘটনার সময় সেখানে মেরামতির কাজ চলছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ তাঁরা ভবনের ভিতর থেকে বিকট শব্দ শুনতে পান। স্থানীয়রা দ্রুত প্রশাসনকে খবর দেন এবং বেশ কয়েকটি পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে কিছু মানুষ তখনও বাড়ির ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়ই ভবনের ‘বি উইং’ আচমকা ভেঙে পড়ে। দমকল আধিকারিকদের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৬টি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের অধিকাংশই ভবনের মেরামতির কাজে যুক্ত শ্রমিক বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। এছাড়া ধ্বংসস্তূপ থেকে এক আহত কিশোরকে বের করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আরও কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে সবরকম আধুনিক যন্ত্রপাতি নিয়ে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স (TDRF), দমকল বাহিনী এবং পুলিশ যৌথভাবে কাজ করছে। উদ্ধার অভিযানে ডগ স্কোয়াড, চারটি দমকলের গাড়ি, দুটি অ্যাম্বুল্যান্স এবং ভারী ধ্বংসাবশেষ সরানোর যন্ত্র মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া মানুষদের উদ্ধারে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ভবন ধসের প্রকৃত কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।