IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
ক্রাইস্টচার্চ: ২২৬ রানের বিরাট লক্ষ্যমাত্রা ছিল। সেই রান তাড়া করতে নেমেছিল ভারত। সঞ্জু স্য়ামসন, শ্রেয়স আইয়ার, নমন ধীরদের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে সেই রেকর্ড লক্ষ্যমাত্রাও তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্য়াচে ভারতের ৪ উইকেটে জয় ছিনিয়ে নেওয়ার পর ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ

ক্রাইস্টচার্চ: ২২৬ রানের বিরাট লক্ষ্যমাত্রা ছিল। সেই রান তাড়া করতে নেমেছিল ভারত। সঞ্জু স্য়ামসন, শ্রেয়স আইয়ার, নমন ধীরদের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে সেই রেকর্ড লক্ষ্যমাত্রাও তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্য়াচে ভারতের ৪ উইকেটে জয় ছিনিয়ে নেওয়ার পর ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ নিউজিল্যান্ডের ক্রিকেটার গ্লেন ফিলিপস। কিউয়ি ব্যাটার নিজেও ম্য়াচে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। ৪০ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু তাঁর ইনিংস ঢাকা পড়ে যায় ভারতীয় ব্যাটিং অর্ডারের ধুন্ধুমার ব্যাটিংয়ের সুবাদে। ম্যাচের পর ফিলিপস বলেন, '২২৬ রান তাড়া করার জন্য ভারতের দলকেও কৃতিত্ব দিতে হবে। এই রান তাড়া করা সবসময়ই স্পেশাল, আর ওদের জন্য অপেক্ষাকৃত বড় বাউন্ডারির মাঠে এমন জয় পাওয়া কিছুটা অন্যরকম অভিজ্ঞতা, যা তারা সাধারণত দেখে থাকে না। কখনও কখনও প্রশংসা যেখানে প্রাপ্য, তা দেওয়া উচিত।' ভারতীয় ব্য়াটারদের বিরুদ্ধে একাধিক পরিকল্পনা রাখতে হয় বলে মনে করেন ফিলিপস। তিনি বলেন, 'ভারতীয় ব্যাটিং অসাধারণ। ওদের বিরুদ্ধে বোলিং দলকে অনেকগুলো বিকল্প তৈরি রাখতে হয়। নইলে ওঁদের আটকানো মুশকিল। ভারতের যা ব্যাটিং লাইন আপ, তাদের বিরুদ্ধে ভুল করার জায়গা বিশেষ থাকে না।' এদিকে, ম্য়াচ জয়ের পর শ্রেয়স আইয়ারকে বেশ আত্মবিশ্বাসী মনে হল। জিম্বাবোয়ে সিরিজের পর দ্রুত কিউয়ি সফরে আসতে হয়েছিল। ক্লান্তি একটা ছিলই। ম্যাচ জেতার পর স্বাভাবিকভাবেই স্বস্তি ভারত অধিনায়ক শ্রেয়সের গলায়। বললেন, 'দারুণ জয়। এবার মনে হয় বিমানযাত্রার ধকল ভুলে যাওয়া উচিত। আমরা যখন বোলিং শুরু করেছিলাম, উইকেট একটু মন্থর ছিল। বল কিছুটা থমকে আসছিল। আর আমরা একটু ওপরের দিকে বল করছিলাম। যে লেংথ এখানে ঠিক নয়। তবে ম্যাচ যত এগিয়েছে, আমরা দেখেছি শিশির পড়ছে। উইকেট সহজ হয়ে যাচ্ছিল আর বল পিচে পড়ে ভালভাবে ব্যাটে আসছিল। সেভাবেই ওরা ছন্দ পেয়ে ২২০ রান তুলেছিল।' বিরাট রান তাড়া করতে নেমে কাজটা যে ওপেনাররাই সহজ করে দিয়েছিলেন, তা মনে করিয়ে দিলেন শ্রেয়স। স্যামসন, অভিষেকের প্রশংসা শোনা গেল শ্রেয়সের মুখে। তিনি বলেন, '৬ ওভারে ৮০-৮৫ রান যোগ করা দুর্দান্ত ঘটনা। দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা অভিজ্ঞ। কীভাবে ব্যাটিং করতে হবে ওদের বলে দেওয়ার দরকার পড়ে না। ওরা জানে ঠিক কী করছে আর একবার শুরুটা ভাল হলে শুধু ছন্দ ধরে রাখাটা বিষয়।'