Austen : অস্টেনের ধাক্কায় তছনছ সব, বিদ্যুৎহীন বাড়ির পর বাড়ি, শিয়রে আরেক ঝড়, ব্রিটেনে বিরাট বিপদ?
একের পর এক ঝড়ের ধাক্কার আশঙ্কা ব্রিটেনে। প্রবল হাওয়া আর বৃষ্টিতে বিপর্যস্ত জীবন। কোথাও উপড়ে গিয়েছে গাছ, ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর। বাতিল একাধিক ট্রেন। ব্রিটেনে বিরাট এলাকা আঁধারে ডুবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় হাজার হাজার মানুষ। শক্তিশালী ঝড় অস্টেন

একের পর এক ঝড়ের ধাক্কার আশঙ্কা ব্রিটেনে। প্রবল হাওয়া আর বৃষ্টিতে বিপর্যস্ত জীবন। কোথাও উপড়ে গিয়েছে গাছ, ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর। বাতিল একাধিক ট্রেন। ব্রিটেনে বিরাট এলাকা আঁধারে ডুবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় হাজার হাজার মানুষ। শক্তিশালী ঝড় অস্টেনের প্রভাবে কার্যত বিপর্যস্ত ব্রিটেনের একাধিক এলাকা। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ও বিপর্যয় মোকাবিলা দল। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আরও একটি ঝড়, বোয়েলো। পূর্বাভাস বলছে,এই সপ্তাহান্তেই ঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। গত রাতে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে আছড়ে পড়ে ঝড় অস্টেন। এরপর ধীরে ধীরে পূর্ব দিকে এগিয়ে যায় ঝড়টি। প্রবল হাওয়ার দাপটে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর ও অন্যান্য পরিকাঠামো। রেল পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে। একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। ঝড়ের দাপট কতটা ছিল, তার ইঙ্গিত মিলেছে জার্সির আবহাওয়ার পরিসংখ্যানে। সেখানে ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ মাইল, অর্থাৎ প্রায় ১৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। ঝড়ের ধাক্কায় বিপর্যস্ত ব্রিটেনের দক্ষিণ উপকূলও। সমুদ্রের উত্তাল ঢেউ এবং প্রবল হাওয়ার ধাক্কায় ভেঙে পড়েছে ঐতিহাসিক ওয়েস্ট পিয়ারের একটি অংশ। ১৮৬৬ সালে চালু হওয়া এই পিয়ারটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ঝড়ের দাপটে তার একটি অংশ সমুদ্রে ধসে পড়ে। উপকূলবর্তী এলাকায় বইছে উত্তাল হাওয়া । তার ফলে উপকূলের মানুষের কাছে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে । ঝড় অস্টেনের দাপটে ব্রিটেনের বহু বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। তবে ন্যাশনাল গ্রিডের তরফে জানানো হয়েছে, ঝড়ের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়া ৬০ হাজারেরও বেশি বাড়িতে ফের বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। কিন্তু এখনও বহু বাড়িতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। প্রবল হাওয়ায় গাছ ও অন্যান্য বস্তু বিদ্যুতের লাইনের উপর পড়ে সরবরাহ ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিষেবা ফেরানোর কাজ চলছে। ঝড়ের প্রভাব পুরোপুরি কাটতে আরও সময় লাগতে পারে। ঝড় অস্টেনের তীব্রতা কিছুটা কমলেও দক্ষিণ স্কটল্যান্ডের কয়েকটি এলাকায় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস এবং ওয়েস্ট মিডল্যান্ডসের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে অস্টেনের প্রভাব কমার সঙ্গে সঙ্গেই স্বস্তি ফিরছে না। কারণ, ব্রিটেনের দিকে এগিয়ে আসছে আরও একটি ঝড়, বোয়েলো।