Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কি না, হাসপাতালের পরিষেবা ও পরিচ্ছন্নতার মান কেমন—তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এর আগে তিনি কল্যাণীর জেএনএম হাসপাতাল ও নদিয়ার শক

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কি না, হাসপাতালের পরিষেবা ও পরিচ্ছন্নতার মান কেমন—তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এর আগে তিনি কল্যাণীর জেএনএম হাসপাতাল ও নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতাল পরিদর্শন করেছিলেন। এদিন ইমামবাড়া হাসপাতালের আউটডোর, বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর এবং কন্ট্রোল রুম ঘুরে দেখেন। রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপার রোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কি না, তাও পর্যালোচনা করেন। পরিদর্শনের পর মন্ত্রী বলেন, ইমামবাড়া হাসপাতাল নিয়ে তাঁর কাছে একাধিক অভিযোগ এসেছে, বিশেষ করে আউটডোর পরিষেবা নিয়ে। তিনি অভিযোগ করেন, আগের সরকারের আমলে স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছিল এবং বর্তমান সরকার তা পুনর্গঠনের চেষ্টা করছে। সবচেয়ে কড়া বার্তা ছিল রোগী রেফার করা নিয়ে। মন্ত্রী স্পষ্ট জানান, অকারণে বা কথায় কথায় অন্য হাসপাতালে রোগী রেফার করা চলবে না। চিকিৎসকদের রোগীদের গুরুত্ব দিয়ে চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, কিছু ক্ষেত্রে চিকিৎসকদের সদিচ্ছার অভাব দেখা যায়, যা বদলানো প্রয়োজন। এছাড়াও হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, রোগীদের চিকিৎসা না পেয়ে ফিরে যেতে না হওয়া এবং আউটডোরে দীর্ঘক্ষণ অপেক্ষার সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে। হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল বলেন, “যত বেশি সারপ্রাইজ ভিজিট হবে, ততই আমরা আরও সতর্ক থাকব। রোগী স্থানান্তরের নিয়ম নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হবে। কিছু চিকিৎসকের কাজে অনীহা রয়েছে, তা দূর করার চেষ্টা করা হবে।” মন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। গ্রামীণ হাসপাতালগুলিকে আরও উন্নত করা, চিকিৎসক ও নার্স নিয়োগ বৃদ্ধি এবং রাজ্যের মেডিক্যাল পড়ুয়ারা যাতে বাইরে চলে না যান, সে বিষয়েও সরকার নজর দিচ্ছে। চুঁচুড়া হাসপাতালের কন্ট্রোল রুম দেখে তিনি সন্তোষ প্রকাশ করলেও পার্কিং সমস্যার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। শেষে তিনি বলেন, “আমি চাইব এমন পরিস্থিতি তৈরি হোক, যাতে আমাকে আর কোনও হাসপাতালে অভিযোগের ভিত্তিতে যেতে না হয়। স্বাস্থ্য দফতর মানুষের জন্য আরও ভাল পরিষেবা নিশ্চিত করতে কাজ করবে।” আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?