CJP Jantar Mantar Protest: ককরোচ'দের যন্তর মন্তরে জমায়েতের আগেই দিল্লিতে বন্ধ ইন্টারনেট, বড় সিদ্ধান্ত পুলিশের
নয়া দিল্লি: দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভের আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল পুলিশ। ১০ অক্টোবর যন্তর মন্তরে Cockroach Janata Party (CJP)-র বিক্ষোভের ডাক ঘিরে মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে এই বিধিনিষেধ

নয়া দিল্লি: দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভের আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল পুলিশ। ১০ অক্টোবর যন্তর মন্তরে Cockroach Janata Party (CJP)-র বিক্ষোভের ডাক ঘিরে মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে এই বিধিনিষেধ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে NDTV-র প্রতিবেদনে জানানো হয়েছে। দিল্লি পুলিশের নির্দেশ অনুযায়ী, জনপথ ও কর্তব্য পথের সংযোগস্থল থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। শনিবার রাত ১০টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকার কথা। CJP-র তরফে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেওয়ার পরই এই পদক্ষেপ করা হয়েছে। বিক্ষোভ ঘিরে নিরাপত্তা বাড়াচ্ছে দিল্লি পুলিশ মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছে CJP। সেই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন। এর আগে দিল্লি মেট্রোর একাধিক স্টেশনে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে বিধিনিষেধ এবং রাজধানীগামী ট্রেন চলাচল নিয়েও নানা পদক্ষেপ করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্ত এমন সময়ে সামনে এল, যখন দিল্লির জনপরিবহণে বিধিনিষেধ নিয়ে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে। বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে গিয়ে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায় কি না, তা নিয়ে কেন্দ্রকে বার্তা দিয়েছে শীর্ষ আদালত। মেট্রো ও ট্রেনের বিধিনিষেধ নিয়েও প্রশ্ন আদালতের বিক্ষোভের আগে দিল্লি মেট্রো এবং রাজধানীগামী ট্রেনের উপর বিধিনিষেধ আরোপের বিষয়টি নিয়ে শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে অতিরিক্ত কঠোর পদক্ষেপ করা উচিত নয়। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও বজায় রাখতে হবে। এখন শনিবারের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা কীভাবে পরিচালিত হয়, সেদিকেই নজর রয়েছে। মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের ফলে সংশ্লিষ্ট এলাকায় অনলাইন যোগাযোগে সাময়িক প্রভাব পড়তে পারে। এদিকে, ১০ অক্টোবর প্রস্তাবিত CJP-র বিক্ষোভ ঘিরে মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে এমনই বার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা বজায় রাখতে বিধিনিষেধ আরোপ করা যেতে পারে, কিন্তু তার জেরে শহরের স্বাভাবিক জনজীবন পুরোপুরি থমকে যাওয়া উচিত নয়। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, দিল্লি ও সংলগ্ন এলাকা থেকে প্রতিদিন বহু মানুষ কাজ, পড়াশোনা এবং অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন। তাঁদের মধ্যে প্রবীণ নাগরিক ও তরুণরাও রয়েছেন। তাই নিরাপত্তার কারণে মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হলেও সমস্ত স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।