Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমস শুরুই হল না, আগেই ভারতের পদক নিশ্চিত করলেন লভলিনা
নয়াদিল্লি: আগামী ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলবে এবারের কমনওয়েলথ গেমস। এবারের চ্যাম্পিয়নশিপের আসর বসবে গ্লাসগোতে। কিন্তু প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই একটি পদক নিশ্চিত হয়ে গেল ভারতের। হ্যাঁ, ঠিকই পড়েছেন অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় মহিলা বক্সার লভলিনা বড়গোঁহাই আসন্ন কমনওয়েলথ গেমসে নিজের ব্রোঞ্জ

নয়াদিল্লি: আগামী ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলবে এবারের কমনওয়েলথ গেমস। এবারের চ্যাম্পিয়নশিপের আসর বসবে গ্লাসগোতে। কিন্তু প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই একটি পদক নিশ্চিত হয়ে গেল ভারতের। হ্যাঁ, ঠিকই পড়েছেন অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় মহিলা বক্সার লভলিনা বড়গোঁহাই আসন্ন কমনওয়েলথ গেমসে নিজের ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন। কিন্তু কীভাবে? আসনে এর পেছনে রয়েছে কমনওয়েলথ গেমসের নিয়ম। মহিলাদের ৭৫ কেজি মিডলওয়েট বিভাগে প্রতিযোগীর সংখ্যা অত্যন্ত কম ছিল। মাত্র ৫ জন প্রতিযোগী ছিলেন। ড্র-য়ের নিয়ম অনুযায়ী লভলিনা ছাড়াও তিনজন বক্সারকে প্রথম রাউন্ডে সরাসরি Bye দেওয়া হয়, যার ফলে তাঁরা কোয়ার্টার ফাইনাল না খেলেই সরাসরি সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। আর কমনওয়েলথ গেমসের বক্সিংয়ের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে হেরে যাওয়া দুই বক্সারকেই ব্রোঞ্জ পদক দেওয়া হয়। কোনও তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ আয়োজিত হয় না। তাই লভলিনা যদি সেমিতে হেরেও যান, তাহলেও ব্রোঞ্জ পদক নিশ্চিত জিতছেনই তিনি। আগামী ৩১ জুলাই সেমিফাইনালে টুভালুর বক্সার টি কে বি পি. তাফাকির বিরুদ্ধে রিংয়ে খেলতে নামবেন লভলিনা। সেক্ষেত্র সেই ম্য়াচে জিতলে কিন্তু সোনা বা রুপোর লড়াইয়ের জন্য ফাইনালে উঠে যাবেন লভলিনা। কমনওয়েলথ গেমসে এবার ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস কোনওটিই রাখা হয়নি। গত কমনওয়েল গেমসে ক্রিকেটে রুপো এসেছিল ভারতের ঝুলিতে। পদক এসেছিল ব্যাডমিন্টন, টেবিল টেনিসেও। কিন্তু আশ্চর্যজনকভাবে এই খেলাগুলির কোনওটিই রাখা হয়নি গ্লাসগো কমনওয়েলথ গেমসে। গোটা প্রতিযোগিতাটি মাত্র চারটি ভেন্যুতে আয়োজিত হবে। সেই কারণেই খরচ কমাতে ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, নেটবল, রোড রেসিংয়ের মতো একাধিক খেলাকে ছাঁটাই করা হয়েছে। ২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে ২০২২ সালের বার্মিংহাম গেমসে হওয়া মোট নয়টি খেলা ছাঁটাই করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালেও গ্লাসগোতে বসেছিল কমনওয়েলথ গেমসের আসর। ১২ বছর পর ফের স্কটল্যান্ডের মাটিতে বসতে এই চ্যাম্পিয়নশিপের আসর। বার্মিংহামে শ্যুটিং গেমসের তালিকা থেকে বাদ পড়ার পর গ্লাসগোয় তা ফেরার সম্ভবনা কমই ছিল। পরবর্তীতে যখন জানানো হয় ২০২৬ সালের কমনওয়েল গেমসে ১০টি খেলা আট মাইলের মধ্যে অবস্থিত চারটি ভেন্যুতে আয়োজিত হবে, তখনই শ্যুটিং বাতিল হওয়া পাকা হয়ে যায়, কারণ ১২ বছর আগে গ্লাসগোতে যেখানে শ্যুটিং প্রতিযোগিতা হয়েছিল, সেই ব্যারি বাডন গ্লাসগো থেকে প্রায় ১০০ কিমি দূরে অবস্থিত। তবে ক্রিকেট, টেবলি টেনিস, ব্যাডমিন্টন বাদ হওয়ায় কিছুটা হতাশ ক্রীড়াপ্রেমীরা।