Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
সন্দীপ সরকার, কলকাতা: সীমিত ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে ঝড় তুলেছে মাত্র ১৫ বছর বয়সে। বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) এবার লাল বলের ক্রিকেটেও নিজের প্রতিভা, দক্ষতা মেলে ধরার মঞ্চ দেওয়া হচ্ছে। দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলে বৈভবকে রাখা হল বড় দায়িত্ব দিয়ে। দলের সহ অধিনায়ক করা হল বিহারে

সন্দীপ সরকার, কলকাতা: সীমিত ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে ঝড় তুলেছে মাত্র ১৫ বছর বয়সে। বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) এবার লাল বলের ক্রিকেটেও নিজের প্রতিভা, দক্ষতা মেলে ধরার মঞ্চ দেওয়া হচ্ছে। দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলে বৈভবকে রাখা হল বড় দায়িত্ব দিয়ে। দলের সহ অধিনায়ক করা হল বিহারের বাঁহাতি ব্যাটারকে। বাংলার অভিমন্য়ু ঈশ্বরণকে ছাপিয়ে দায়িত্ব পেল বৈভব। বুধবার বিকেলে ইডেন গার্ডেন্সে পূর্বাঞ্চল দল বেছে নেওয়ার বৈঠক বসেছিল। বাংলার নির্বাচকদের মধ্যে সেই বৈঠকে ছিলেন দিব্যেন্দু চক্রবর্তী। এছাড়া ঝাড়খণ্ডের নির্বাচক মণীশ বর্ধন, ওড়িশার প্রভঞ্জন মল্লিক, ত্রিপুরার অলোক সাহা ও বিহারের অনন্ত প্রকাশ বৈঠকে ছিলেন। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন অসমের নির্বাচক সুমিত রঞ্জন দাস। ছিলেন সিএবির সচিব বাবলু কোলে, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। পরে নির্বাচকদের সঙ্গে কথা বলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দলে বাংলা থেকে মোট ছয় ক্রিকেটারকে রাখা হয়েছে। সেই দলে রয়েছেন মহম্মদ শামি। গত রঞ্জি ট্রফিতে সফল হলেও যাঁকে জাতীয় দলে ব্রাত্য করেই রাখা হয়েছে। শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচিত ভারতীয় টেস্ট দলেও তাঁকে রাখা হয়নি। তবে তিনি যে লাল বলের ক্রিকেটে নিজেকে নতুন করে প্রমাণ করতে চান, ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন শামি। মুকেশ কুমার, শাহবাজ আমেদও রয়েছেন দলে। তবে ফাস্টবোলার আকাশ দীপ নেই। খোঁজ নিয়ে জানা গেল, তাঁর চোট রয়েছে। দলে রাখা হয়নি অভিষেক পোড়েলকেও। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার সম্প্রতি মাঠের বাইরের ঘটনার জন্য বিতর্কে জড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা চলছে। শোনা গেল, বৈঠকে তাঁর নাম একবার উঠেছিল। কিন্তু রঞ্জি ট্রফিতে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি চন্দননগরের ক্রিকেটার। তাই দলে জায়গা হয়নি অভিষেকের। পূর্বাঞ্চল দলের অধিনায়ক করা হল ঈশান কিষাণকে। সহ অধিনায়ক বৈভব। শোনা গেল, বৈঠকে অভিমন্যু ঈশ্বরণকে সহ অধিনায়ক করার প্রস্তাব দিয়েছিলেন বাংলার নির্বাচক দিব্যেন্দু। কিন্তু বাকি পাঁচ রাজ্যের নির্বাচক কমবয়সী বৈভবকে দায়িত্ব দিতে চান। শেষ পর্যন্ত তাই হয়। বৈঠকে ঠিক হয় যে, ভারতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে নেই, এরকম ত্রিশোর্ধ্ব কোনও ক্রিকেটারকে রাখা হবে না। যে কারণে সুমন্ত গুপ্ত সুযোগ পাননি। সুদীপ চট্টোপাধ্যায়ের নাম তোলা হলেও জায়গা হয়নি বারাসাতের বাঁহাতির। দলের কোচ করা হয়েছে ঝাড়খণ্ডের সিনিয়র দলের কোচ রতন কুমারকে। একটা সময় শোনা গিয়েছিল, বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লকে দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু লক্ষ্মী নিজে নাকি আগ্রহী নন। ঋদ্ধিমান সাহার কথাও ভাসছিল। তবে সিনিয়র দলের দায়িত্ব এখনও পর্যন্ত সামলাননি ঋদ্ধি। তাই রতন কুমারকে দেওয়া হল দায়িত্ব। ২৩ অগাস্ট শুরু হচ্ছে দলীপ ট্রফি। টুর্নামেন্ট হবে বেঙ্গালুরুতে। পূর্বাঞ্চলের প্রথম ম্যাচ উত্তরাঞ্চলের বিরুদ্ধে। নির্বাচিত পূর্বাঞ্চল দল ঈশান কিষাণ (অধিনায়ক/ঝাড়খণ্ড), বৈভব সূর্যবংশী (সহ অধিনায়ক/বিহার), অভিমন্যু ঈশ্বরণ (বাংলা), সুদীপ কুমার ঘরামি (বাংলা), শাহবাজ আমেদ (বাংলা), সূরয সিন্ধু জয়সওয়াল (বাংলা), মহম্মদ শামি (বাংলা), মুকেশ কুমার (বাংলা), কুমার কুশাগ্র (ঝাড়খণ্ড), শিখর মোহন (ঝাড়খণ্ড), অনুকূল রায় (ঝাড়খণ্ড), বিরাট সিংহ (ঝাড়খণ্ড), শুভ্রাংশু সেনাপতি (ওড়িশা), দেনিশ দাস (অসম) ও অভিজিৎ সরকার (ত্রিপুরা)। স্ট্যান্ড বাই আয়ূষ লোহারুকা (বিহার), শ্রীদাম পাল (ত্রিপুরা), সম্বিৎ এস বড়াল (ওড়িশা), শরণদীপ সিংহ (ঝাড়খণ্ড), স্বস্তিক সামল (ওড়িশা) আরও পড়ুন: এত কম বয়সে এত রেকর্ড! বিশ্ব ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখছে বৈভব সূর্যবংশী