Kharge on Modi Remark Controversy : মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, খাড়গে-কে সমর্থন করলেন না বর্ষীয়ান কংগ্রেস নেতাই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দলীয় সভাপতির মন্তব্যকে সমর্থন করলেন না বর্ষীয়ান কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহ্বান। তিনি এবিষয়ে জোর দেন যে, রাজনৈতিক নেতাদের দলীয় পরিচয় নির্বিশেষে জনসমক্ষে আলোচনার ক্ষেত্রে শালীনতা বজায় রাখা উচিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দলীয় সভাপতির মন্তব্যকে সমর্থন করলেন না বর্ষীয়ান কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহ্বান। তিনি এবিষয়ে জোর দেন যে, রাজনৈতিক নেতাদের দলীয় পরিচয় নির্বিশেষে জনসমক্ষে আলোচনার ক্ষেত্রে শালীনতা বজায় রাখা উচিত। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, খাড়গের মন্তব্য অনাকাঙ্খিত এবং এর ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তবে তিনি একই সঙ্গে মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তাঁরা অতীতে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেছিলেন। রবিবার পটনার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে খাড়গে মন্তব্য করেছিলেন, 'মোদি কা বাপ ভি জায়েগা', অর্থাৎ 'মোদির বাবাও যাবেন।' দর্শকদের মধ্যে থেকে একজনের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি এই কথা বলেছিলেন বলে খবর। খাড়গের এই মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিং-এর ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস সভাপতি। খাড়গে বলেছিলেন যে, ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর)-এ অনিয়মের অভিযোগে যারা অভিযুক্ত, কংগ্রেস ক্ষমতায় এলে তাঁদের জেলে পাঠানো হবে। সেই সময় এক দর্শক পাল্টা বলেন যে, বিদ্রোহ না হওয়া পর্যন্ত মোদিকে ক্ষমতা থেকে সরানো যাবে না, তখন খাড়গে সেই বিতর্কিত মন্তব্যটি করেন। এই বিতর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে চৌহ্বান বলেন, রাজনৈতিক নেতাদের উচিত প্রতিপক্ষকে সমালোচনা করার সময়ও শালীন ভাষা না ছাড়া। তাঁর কথায়, "আমার মতে, যে দলেরই হোক না কেন, শালীন ভাষা প্রয়োগের অভ্যাস কখনোই ত্যাগ করা উচিত নয়। তিনি (খাড়গে) যদি কিছু বলে থাকেন-হয়তো অসাবধানতাবশত-তবে তাঁর উচিত সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি : আপনাদের নেতা অমিত শাহ তো রাহুল গান্ধীকে নিয়ে মন্তব্য করেছিলেন। এখানে উভয় পক্ষই দোষী।" চৌহ্বানের সংযোজন, "অমিত শাহের এমন কথা বলা উচিত হয়নি। একইভাবে, খাড়গেও একটি ভুল করেছেন। তিনি একজন প্রবীণ নেতা, তিনিই এ বিষয়ে নিজের ব্যাখ্যা দেবেন। আমরা একে অপরের ঘোরতর শত্রু নই ; আমরা কেবল আমাদের নিজ নিজ আদর্শকে এগিয়ে নিয়ে যেতে চাই।" Prithviraj Chavan