Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
ঝিলম করঞ্জাই, কলকাতা : পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। মহালয়া তিথিতেই উৎসবের আনন্দে মাতবে কলকাতার ইডেন গার্ডেন। রেড রোড সেজে উঠেছে বর্ণাঢ্য সাজে। বিকেল ৫টা থেকে ইডেনে রয়েছে বিশেষ অনুষ্ঠান। ড্রোন শো, বাজি প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ইডেন উদ্

ঝিলম করঞ্জাই, কলকাতা : পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। মহালয়া তিথিতেই উৎসবের আনন্দে মাতবে কলকাতার ইডেন গার্ডেন। রেড রোড সেজে উঠেছে বর্ণাঢ্য সাজে। বিকেল ৫টা থেকে ইডেনে রয়েছে বিশেষ অনুষ্ঠান। ড্রোন শো, বাজি প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ইডেন উদ্যানে রাজ্য সরকারের আয়োজিত মা দুর্গার আবাহনের অনুষ্ঠানে একযোগে বাজবে তিন হাজার ঢাক। শোনা যাবে সমবেত উলুধ্বনি। হবে শঙ্খধ্বনি। তিন হাজার ড্রোনের রঙিন আলোর খেলা দেখবে কলকাতা। এভাবেই মেগা ইভেন্ট দিয়ে শুরু হবে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো। পারফর্ম করবেন কলকাতা ও মুম্বইয়ের নামিদামি শিল্পীরা। তার আগে রেড রোড থেকে হবে শোভাযাত্রা। এরই মধ্যে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। জারি করা হয়েছে বিশেষ ট্রাফিক বিজ্ঞপ্তি। শনিবার ইডেন গার্ডেন্স ও ময়দান সংলগ্ন এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচল প্রয়োজন অনুযায়ী বন্ধ বা নিয়ন্ত্রণ করা হয়েছে। ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে। তবে হাওড়ার দিক থেকে স্ট্র্যান্ড রোড ও সেন্ট জর্জেস গেট রোড হয়ে পোস্তাগামী পণ্যবাহী গাড়িকে ছাড় দেওয়া হতে পারে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন এলাকাতেও পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত হবে। এজেসি বোস রোডের ডি এল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত অংশ ছাড়াও হসপিটাল রোড, কুইন্সওয়ে, সহ একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ হবে। বন্ধ রাখা হতে পারে ক্ষুদিরাম বসু রোড বা অকল্যান্ড রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ এবং গোস্তা পাল সরণি বা কিংসওয়ে দিয়ে সব ধরনের যানবাহন চলাচল। গোষ্ঠ পাল সরণি, ক্ষুদিরাম বসু রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি বা রেড রোড, গুরু নানক সরণি বা মেয়ো রোড এবং ডাফরিন রোডে পার্কিংয়ে নিয়ন্ত্রণ থাকবে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিবাদি-বাগমুখী বাস ও মিনিবাসের রুট বদল করা হবে। দক্ষিণ কলকাতা থেকে আসা বাসগুলিকে পরিস্থিতি অনুযায়ী ঘুরিয়ে দেওয়া হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম কলকাতা থেকে হাওড়াগামী বাস ও মিনিবাসের ক্ষেত্রেও একাধিক বিকল্প রুট ঠিক করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, খিদিরপুর রোড, দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে।