Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
সন্দীপ সরকার, কল্যাণী: তিনি ভারতীয় দলে শেষ খেলেছেন গত বছরের মার্চ মাসে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে। তারপর থেকে মহম্মদ শামি জাতীয় দলে উপেক্ষিত। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। গত রঞ্জি ট্রফিতে বাংলার জার্সিতে ৩৭ উইকেট নিয়েছিলেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। কিন

সন্দীপ সরকার, কল্যাণী: তিনি ভারতীয় দলে শেষ খেলেছেন গত বছরের মার্চ মাসে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে। তারপর থেকে মহম্মদ শামি জাতীয় দলে উপেক্ষিত। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। গত রঞ্জি ট্রফিতে বাংলার জার্সিতে ৩৭ উইকেট নিয়েছিলেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। কিন্তু জাতীয় দলের দরজা আর খোলেনি। বরং সদ্যপ্রাক্তন নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে তাঁর খটাখটি লেগেছে। শামির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন আগরকর। পাল্টা শামি জানিয়েছিলেন, ফিটনেস রিপোর্ট দেওয়া তাঁর কাজ নয়। সব মিলিয়ে জাতীয় দলের সমীকরণ থেকে কার্যত দূরে সরছিলেন বাংলার ডানহাতি ফাস্টবোলার। তবে আগরকর সরতেই জাতীয় দলে পারমুটেশন-কম্বিনেশন বদলাতে শুরু করেছে। চার বছর পর টিম ইন্ডিয়ায় ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমার। তারপর কি মহম্মদ শামির আশার প্রদীপ উজ্জ্বলতর হল? শনিবার কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ক্রিকেটারদের ড্রেসিংরুমের সামনে এবিপি লাইভ বাংলা যখন শামিকে এই প্রশ্ন করল, খানিকক্ষণ থামলেন ডানহাতি ফাস্টবোলার। তারপর বললেন, 'ভারতীয় দলে আর খেলার সুযোগ না দিলে আমার ক্ষতি নয়। দেশের ক্ষতি।' কিন্তু চার বছর পরে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন দেখে মনে নতুন আশার সঞ্চার হচ্ছে না? শামি বললেন, 'ভুবির জন্য এটা খুব ভাল খবর। তবে নির্বাচন, দলে সুযোগ পাওয়া আর আমায় ভাবায় না। আমার কিছু যায় আসে না। আমি যখনই সুযোগ পাই, যে দলের হয়েই মাঠে নামি না কেন, নিজের সেরাটা দিই।' বাংলার ড্রেসিংরুমে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিটব্যাগের দিকে ইঙ্গিত করে শামি বললেন, 'এই যে, এখন আমার ফোকাস এতেই। কাল রঞ্জি ম্যাচে দিল্লির বিরুদ্ধে নামব। সেটা নিয়েই ভাবছি।' আগরকর যে এখন আর নির্বাচক প্রধান নেই। তাতে ছবি বদলাতে পারে বলে মনে করছেন অনেকে। শামিকে সম্প্রতি কাছ থেকে দেখেছেন, তাঁর বোলিং পর্যবেক্ষণ করেছেন, এরকম সকলেই একমত যে, ৩৬ বছর বয়সেও যেরকম সাফল্যের খিদে, যেরকম ছন্দ দেখাচ্ছেন, তাতে জাতীয় দলে আর একটা সুযোগ প্রাপ্য ডানহাতি ফাস্টবোলারের। সদ্য দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন। এবারের রঞ্জি ট্রফিতে ভাল কিছু করলে, নির্বাচকেরা মুখ ঘুরিয়ে থাকতে পারবেন তো? শামি অবশ্য অত ভাবতে নারাজ। বিসিএ-র দোতলায় নিজের ঘরে যাওয়ার জন্য সিঁড়িতে উঠতে উঠতে বলে গেলেন, 'আমার সঙ্গে গত ৩-৪ বছর ধরেই তো এটা ঘটছে। পারফর্ম করেও সুযোগ পাচ্ছি না। ফিটনেসও প্রমাণ করেছি। আমার আর এ নিয়ে কিছু বলার নেই।' নির্বাচকেরা কি শুনছেন? [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]