NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি!
নয়া দিল্লি: কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়,ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের একাংশই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র, এমনই চাঞ্চল্যকর দাবি করা হল CBI-এর চার্জশিটে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গোপন অনুবাদ, ব্যাক-ট্রান্সলেশন এবং প্রুফরিডিংয়ের কাজে নিজেদের অনুমোদিত অ্যাক্সেসের অ

নয়া দিল্লি: কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়,ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের একাংশই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র, এমনই চাঞ্চল্যকর দাবি করা হল CBI-এর চার্জশিটে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গোপন অনুবাদ, ব্যাক-ট্রান্সলেশন এবং প্রুফরিডিংয়ের কাজে নিজেদের অনুমোদিত অ্যাক্সেসের অপব্যবহার করে NTA-র ওই বিশেষজ্ঞরা প্রশ্নপত্র বাইরে পাচার করেন। CBI-এর চার্জশিট অনুযায়ী, বোটানি-জুলজির বিশেষজ্ঞ মনীষা গুরুনাথ মন্ধারে, কেমিস্ট্রির বিশেষজ্ঞ পি ভি কুলকার্নি এবং ফিজিক্সের বিশেষজ্ঞ মনীষা সঞ্জয় হবালদার ফাঁস করেন প্রশ্নপত্রের তথ্য। তদন্তে উঠে এসেছে, গত এপ্রিলে PB কুলকার্নি, মনীষা মান্ধার নিজেদের বাড়িতে 'স্পেশাল রিভিশন সেশন' আয়োজন করেছিলেন। সেখানে পরীক্ষার্থীদের প্রশ্ন, চারটি বিকল্প এবং সঠিক উত্তর মৌখিকভাবে জানানো হয়। কোনও ডিজিটাল প্রমাণ না রাখতে পরীক্ষার্থীদের হাতে লিখে নোট নিতেও বলা হয় বলে দাবি করা হয়েছে CBI চার্জশিটে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তল্লাশিতে উদ্ধার হওয়া পরীক্ষার্থীদের নোটবুকের CFSL ও GEQD-র হ্যান্ডরাইটিং পরীক্ষা করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয় ৩ মে NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র । সেগুলো হুবহু মিলে গেছে বলে দাবি তদন্তকারীদের। এছাড়া, তদন্তে অনলাইন লেনদেনের ডিজিটাল রেকর্ডও হাতে এসেছে। এর মধ্যে গোয়েন্দাদের আতসকাচের নীচে মনীষা হবালদারের পরিবারের অ্যাকাউন্টে হওয়া আর্থিক লেনদেনের তথ্য রয়েছে। CBI-এর দাবি অনলাইনে টাকা ট্রান্সফার হয়েছিল মনীষা হবালদারের স্বামীর মোবাইল নম্বরে। পাশাপাশি প্রশ্নফাঁসকাণ্ডে অন্যতম সন্দেহভাজন লাতুরের শিশু বিশেষজ্ঞ মনোজ ভগবানরাও শিরুরের পরিবারের এক সদস্যের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকা নগদ। যা প্রশ্নফাঁস কেলেঙ্কারির তদন্তে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেছে CBI। ১০ অগাস্ট অর্থাৎ আগামী সোমবার CBI-এর জমা দেওয়া চার্জশিট বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে রাউস অ্যাভিনিউ আদালত।