School Roof Collapse : ভয়ঙ্কর ঘটনা ! ক্লাস চলাকালীন বিকট শব্দে ভেঙে পড়ল ছাদের চাঙড়, জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস পড়ুয়াদের
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বিকট শব্দ, আতঙ্ক ! স্কুল চলাকালীন হঠাৎই ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদ। বহুদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে ভয়াবহ অবস্থা পাঁশকুড়ার এই স্কুলের প্রত্যেকটা ঘরের। শিয়রে বিপদ নিয়েই রোজ চলে ক্লাস। ছোট ছোট ছেলে মেয়েরা করতে আসে ক্লাস। ঝুঁকি নিয়েই প্রতিদিন পড়িয়ে যান শিক্ষক - শিক্ষিক

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বিকট শব্দ, আতঙ্ক ! স্কুল চলাকালীন হঠাৎই ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদ। বহুদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে ভয়াবহ অবস্থা পাঁশকুড়ার এই স্কুলের প্রত্যেকটা ঘরের। শিয়রে বিপদ নিয়েই রোজ চলে ক্লাস। ছোট ছোট ছেলে মেয়েরা করতে আসে ক্লাস। ঝুঁকি নিয়েই প্রতিদিন পড়িয়ে যান শিক্ষক - শিক্ষিকারা। এই বুঝি খসে পড়ল দেওয়াল, ভেঙে পড়ল ছাদ। এই ভয়টাই বহুদিন ধরে পাচ্ছিল স্কুল কর্তৃপক্ষ। অল্পের জন্য প্রাণরক্ষা হল ছাত্রছাত্রীদের। বরাত জোরে বড় দুর্ঘটনা এড়ানো গেল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের অভিযোগ, মঙ্গলবার চতুর্থ পিরিয়ডে ক্লাস চলাকালীন আচমকাই শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ খসে পড়ে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ুয়ারা দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হয়নি। তবে এরপর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, দ্রুত স্কুল ভবন সংস্কারের ব্যবস্থা করা হোক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুমার ঘনা জানান, এটি নতুন কোনও সমস্যা নয়। গত প্রায় ১৫ বছর ধরে স্কুলের ভোকেশনাল বিভাগের ছয়টি শ্রেণিকক্ষ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একাধিক জায়গায় ছাদের চাঙড় ঝুলে রয়েছে। বিকল্প শ্রেণিকক্ষ না থাকায় বাধ্য হয়েই ওই ঝুঁকিপূর্ণ কক্ষগুলিতেই ক্লাস চালাতে হচ্ছে। প্রধান শিক্ষকের অভিযোগ, আগের সরকারকে বিষয়টি জানানো হয়েছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দফতরে বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করে স্কুল। তবে কোনও সুরাহা যে হয়নি, এই ঘটনা তারই প্রমাণ। আগের সরকারের সময় স্কুল সম্প্রসারণের জন্য লিখিত আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি। বর্তমানে নতুন সরকারের কাছেও স্কুল সম্প্রসারণ ও জরাজীর্ণ ভবন সংস্কারের আবেদন জানানো হয়েছে। এদিকে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে অভিভাবক এবং পড়ুয়াদের দাবি, আশ্বাস নয়, ভবিষ্যতে বড় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সংস্কারের কাজ শুরু করা হোক। আরও পড়ুন : বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?