SIR News : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, BLO-দের বড় নির্দেশ দিল্লিতে
নয়াদিল্লি : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। প্রায় দিনই দেশের বিভিন্ন প্রান্তে পথে নামে আন্দোলনে সরব হচ্ছে বিরোধী শিবির। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি উঠছে। এই আবহে এবার দিল্লির এসআইআর প্রক্রিয়া নিয়ে বড় নির্দেশ দেওয়া হল। খসড়া ভোটার তালিকা থেকে যে ৪৭ লক্ষর বেশি ভোটারের নাম ব

নয়াদিল্লি : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। প্রায় দিনই দেশের বিভিন্ন প্রান্তে পথে নামে আন্দোলনে সরব হচ্ছে বিরোধী শিবির। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি উঠছে। এই আবহে এবার দিল্লির এসআইআর প্রক্রিয়া নিয়ে বড় নির্দেশ দেওয়া হল। খসড়া ভোটার তালিকা থেকে যে ৪৭ লক্ষর বেশি ভোটারের নাম বাদ গেছে তাঁদের বিষয় পুনরায় খতিয়ে দেখার জন্য দিল্লির বুথ লেভেন অফিসার বা বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনও যোগ্য ভোটার বাদ না পড়ে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার। গত ৩১ অগাস্ট প্রকাশিত রাজধানীর খসড়া ভোটার তালিকায় ভোটারের সংখ্যা এক-তৃতীয়াংশ কমে গেছে। ৩০ জুনের তালিকায় যেখানে ১ কোটি ৪৫ লক্ষ (১৪.৫ মিলিয়ন) নাম ছিল, সেখানে নতুন তালিকায় ৯৭ লক্ষ ৫০ হাজার ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ- এই ছয়টি মেট্রো শহরের মধ্যে খসড়া পর্যায়ে নাম বাদ পড়ার হার হিসেবে দিল্লির ৩২.৮% ছিল দ্বিতীয় সর্বনিম্ন। এ প্রসঙ্গে অশোক কুমার বলেন, "তথ্য সংগ্রহের এই প্রক্রিয়ার সময়, বুথ-পর্যায়ের আধিকারিকরা প্রতিটি ভোটারের বাসস্থানে অন্তত তিনবার গিয়েছেন। এখন আমরা এই প্রক্রিয়াটি পুনরায় চালানোর নির্দেশ দিয়েছি, যাতে কোনও ভুল থেকে থাকলে তা যাচাই করা যায় এবং কোনও ভোটার বাদ পড়েছেন কি না, তা নিশ্চিত করা যায়।" নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন যে, বিএলও-রা (BLO) কেবল তাঁদের নথিতে উল্লেখিত ঠিকানাতেই যাবেন। ভোটারকে খুঁজে বের করার জন্য তাঁরা এলাকায় ঘুরে বেড়াবেন না। আধিকারিকরা জানিয়েছেন, কোনও যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন তা নিশ্চিত করার জন্য পুনরায় যাচাইকরণ প্রক্রিয়াটি চালানো হচ্ছে। যদি এমন কোনও ভোটারের সন্ধান পাওয়া যায়, তবে ভোটার তালিকাভুক্তির জন্য ৬ নম্বর ফর্ম পূরণ করতে বিএলও (BLO) তাঁকে সহায়তা করবেন। ভোটারদের বিভিন্ন বিষয় বা অভিযোগ সমাধানের জন্য সিইও (CEO)-এর কার্যালয়ের পাশাপাশি ১৪,৯৪৭ জন বিএলও (BLO), ৯০২ জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার্স , ৭০ জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার্স এবং ১৩ জন জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন। অশোক কুমার জানিয়েছেন, মোট ৩৩.১২ লক্ষ কেসের মধ্যে প্রায় ২৫ লক্ষ মামলার নিষ্পত্তি করা হয়েছে। এই কেসগুলি এমন ভোটারদের সঙ্গে সম্পর্কিত, যাদের ক্ষেত্রে ম্যাপিং না থাকা বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নোটিশ জারি করা হয়েছিল।